বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শেরপুর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু (৪৮), শেরপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন (৩৫), খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক সেলিম উদ্দিন (৩৭) এবং গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক শাহিন আলম (৩২)।
শেরপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজনকে গত ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই তিনজনের মধ্যে সেলিম উদ্দিন উক্ত মামলার এজাহারনামীয় আসামি। অন্যদিকে, তদন্তে অপরাধের সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য মেলায় সৌরভ আহমেদ সুমন ও শাহিন আলমকে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বিস্ফোরক মামলা ছাড়াও শেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুকে ভিন্ন একটি ধারায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজন আসামিকে মঙ্গলবার (১৬ জুন) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























