বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আশিক আহমেদ (২২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত আশিক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে ধুনট থেকে শেরপুরের উদ্দেশে রওনা হন শাকিল ও আশিক। দুপুরে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আশিক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























