স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী দেশব্যাপী পালিত হচ্ছে।
দিবসটি ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি পালনে শনিবার (৩০ মে) গরু কোরবানির মধ্য দিয়ে এর শুভ সূচনা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্সের উদ্যোগে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর এলাকার আমতলা বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গরু কোরবানি দেওয়া হয়।
এ উপলক্ষে সকাল থেকেই শুরু হয় রান্নাবান্নার বিশাল এক কর্মযজ্ঞ। আয়োজকরা জানান, কোরবানি দেওয়া গরুর কিছু মাংস গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া কিছু মাংস রান্নাবান্না করে এলাকার গরিব দুঃখী অসহায়দের খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল শেখ বলেন, আজকের এই আয়োজন রাষ্ট্রপতি শহীদ জিয়া এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই গরু কোরবানি করা হয়েছে এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স বলেন, আমাদের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ অত্যন্ত ভালো মনের মানুষ। তার কাছ থেকেই আমাদের রাজনীতি শেখার সুযোগ হয়েছে এবং তার একমাত্র ছেলে আসিফ সিরাজ রব্বানী ভাই আমাদের এভাবেই পথ চলতে শিখিয়েছেন। শহীদ জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপ্রেরণায় আজকে আমরা দেশের জন্য ভালো কাজ করার উদ্যোগ নিয়েছি। আগামীতেও বিএনপি, ছাত্রদল এবং যুবদলসহ প্রত্যেক কোরবানির ঈদে এমন আয়োজন অব্যাহত থাকবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















