বগুড়ার শেরপুরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাজমুল হাসান (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকার প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থী নাজমুল জামনগর মধ্যপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী ইদ্রিস আলীর ছেলে। সে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে মূল সড়কের পাশে থাকা একটি জাম গাছে জাম পাড়তে ওঠে নাজমুল। গাছ থেকে জাম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত ডাল থেকে পা ফসকে নিচে থাকা পাকা রাস্তায় পড়ে যায় সে। শক্ত পিচঢালা রাস্তায় মাথায় সজোরে আঘাত লাগায় ঘটনাস্থলেই তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এ সময় রাস্তার পাশে থাকা পথচারী ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শেরপুর শহরের একটি ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। এদিকে নাজমুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামনগর মধ্যপাড়া গ্রামসহ ভবানীপুর ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে আসে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















