চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের আনন্দ রূপ নিয়েছে বিষাদে। গত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। রাতভর চলা এই তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭৮০ জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
রোববার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানান, পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সমর্থকদের ছোঁড়া আতশবাজি, অগ্নিসংযোগ ও দোকানপাটে ভাঙচুরের কারণে ৫৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যদিও তাদের বেশিরভাগেরই আঘাত অবশ্য গুরুতর নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দল দ্বিতীয়বারের মতো ইউরোপসেরা হওয়ার পর উল্লাসের একপর্যায়ে উগ্র সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হয়। এক দল সমর্থক প্যারিসের একটি পুলিশ স্টেশনেও হামলার চেষ্টা চালায়, তবে দাঙ্গা পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশকে আক্রমণ, চুরি, ভাঙচুর ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২৭৭ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদের মধ্যে ৮২ জনই অপ্রাপ্তবয়স্ক। প্যারিসের বাইরে ফ্রান্সের আরও প্রায় ১৫টি শহরে ছোটখাটো ভাঙচুরের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের পর উদযাপন সহিংসতায় রূপ নিয়েছিল, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটে।
এদিকে পিএসজির বিজয় উদযাপনে রোববার প্যারিসে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে খেলোয়াড়দের অংশগ্রহণের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাদের সাক্ষাতেরও কথা রয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























