বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে এক নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৯ মে) বিকেলে ভুক্তভোগী আব্দুল মোমিন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ মে দুপুর ২টার দিকে কালাম, মোহাব্বত , দুলাল , নজরুল ইসলাম , মো. বাবু , রাকিব হোসেন ও নাইমসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আব্দুল মোমিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আব্দুল মোমিন, তার স্ত্রী জুলেকা খাতুন ও সন্তান জুবায়ের ইসলামের ওপর অতর্কিত আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙচুর করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মোমিনের মাথা ফেটে যায় এবং তার স্ত্রী-সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগটি এখনো আমার হাতে পৌঁছায়নি। লিখিত অভিযোগ হাতে পেলেই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























