আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বগুড়ার শেরপুর পৌরসভায় প্রধান ড্রেনগুলো পরিষ্কার করার কার্যক্রম শুরু হয়েছে। ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ কাজ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে ড্রেনগুলো সচল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
তবে সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ড্রেন প্লাস্টিকসহ বিভিন্ন অপচনশীল বর্জ্যে ভরাট হয়ে আছে। এসব বর্জ্য স্বাভাবিক পানি নিষ্কাশনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের অসচেতনতার কারণেই ড্রেনে এ ধরনের বর্জ্য জমছে। এ বিষয়ে পৌরবাসীর প্রতি ড্রেনে প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য না ফেলার অনুরোধ জানানো হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন স্থানে স্থায়ী ডাস্টবিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পৌর কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়লে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ শেরপুর পৌরসভা গড়ে তোলা সম্ভব।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















