হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পর ইরানকে নিয়ে নতুন বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থানের অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৫ এপ্রিল) হামলার ঘটনার পর ট্রাম্প বলেন, তদন্তকারীরা এখন পর্যন্ত হামলাকারীর সঙ্গে তেহরানের কোনো তাৎক্ষণিক যোগসূত্র পাননি। ট্রাম্প হামলাকারীকে সম্ভাব্য ‘লোন উলফ’ বা নিসঙ্গ মানুষ বলে দাবি করছেন।
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প বলেন, যুদ্ধ জয়ের পথে আমাকে এই হামলা নিরুৎসাহিত করতে পারবে না। একই সঙ্গে হামলার উদ্দেশ্য এখনো তদন্তাধীন বলেও জানান তিনি।
গত শনিবার রাতে ওয়াশিংটনে বার্ষিক হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজ চলাকালে নিরাপত্তা চৌকির কাছে গুলির ঘটনা ঘটে। এ সময় ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করে ট্রাম্প বলেন, সব জ্যেষ্ঠ কর্মকর্তা নিরাপদ আছেন।
এদিকে তুরস্ক আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, ইরানে মার্কিন-ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে হামলা হলে বা শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ করলে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























