পরীক্ষা কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৬৫৫ জন। পরীক্ষার প্রথম দিনে সবাই উপস্থিত। একজনও অনুপস্থিত নেই। অর্থাৎ শতভাগ পরীক্ষার্থী উপস্থিত। এমনটাই ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলা শহরের মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে।
মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় এর কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিন ছিলো বাংলা প্রথম পত্র পরীক্ষা। এতে পরীক্ষা কেন্দ্রে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৫ জন ছাত্রের মধ্যে ৩১৫ জন্য ছাত্রই এবং ৩৪০ জন ছাত্রীর মধ্যে ৩৪০ জন ছাত্রীই পরীক্ষায় অংশ নিয়েছে। যা ইতোপূর্বের বছরগুলোতে ঘটেনি।
তিনি আরো জানান, পরীক্ষা কেন্দ্রের ১৪টি কক্ষে নীতিমালা মেনে সিসি ক্যামেরার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষা ৬টি কেন্দ্র দাখিল পরীক্ষা ৩টি কেন্দ্রে এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বাকি কেন্দ্র গুলোতে সর্বমোট ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যার মধ্যে ৪১ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রী। কিন্তু মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন পরীক্ষার্থীও অনুপস্থিত ছিল না। যা শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হতে পারে।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেছেন, সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষক অভিভাবকদের সচেতনতায় এই কেন্দ্রে শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























