বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ জনপদের যোগাযোগ ও কৃষিখাতের উন্নয়নে চলমান প্রকল্পগুলো সরেজমিনে তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ৬নং বিশালপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় একটি নবনির্মিত সেতু পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
পরিদর্শনকৃত প্রকল্পটি হলো “বিশালপুর ইউনিয়নের গোয়ালবিশ্বা হতে আটাইল যাওয়ার রাস্তায় খারির খালের উপর ৯.১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ”।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কাজের গুণগত মান এবং সঠিক পরিমাপ খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে জনচলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্র জানায়, এই সেতুটি নির্মিত হওয়ার ফলে ওই এলাকার ৩টি গ্রামের প্রায় ২ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে অত্র ইউনিয়নের কৃষকদের জন্য এটি বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। সেতুটি চালু হলে এলাকার কৃষকদের উৎপাদিত প্রায় ২৫০ বিঘা আবাদি জমির ফসল খুব সহজেই বাজারজাত করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























