বগুড়ার শেরপুরে খন্দকারটোলা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে ঘরের সকল আসবাবপত্র, টাকাসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশী ওমর আলী, লুনাসহ আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
এসময় বাড়ির ভেতরে অবস্থান করছিলেন আব্দুল লতিফের ছেলে ধান-চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। তিনি ধান কেনার জন্য বাড়িতে প্রায় ২০ লাখ টাকা রেখেছিলেন। আগুনে সেই টাকা, ফ্রিজ, টিভি, গহনা, আলমারি, জামা-কাপড় এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
আব্দুল লতিফের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আজাদ জানান, দুপুরে তিনি বাড়িতে খাবারের জন্য গিয়ে স্ত্রীকে খাবার দিতে বলার পরই ঘরের ভেতরে আগুন দেখতে পান। তার উপস্থিতিতেই আগুনের সূত্রপাত ঘটে বলে তিনি উল্লেখ করেন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার খবর পেয়ে জেলা বিএনপি সাবেক উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব দবিবুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাউসার আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























