রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উচ্চমানসম্পন্ন ইউএসএ অরিজিনের দুইটি নিওনেটাল ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যেমে হস্তান্তর করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভেন্টিলেটরগুলো তুলে দেন।
ঢাকায় অবস্থিত রেডিয়েন্ট ফার্মার প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম উপস্থিত ছিলেন।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যান্সের পরিচালক নাসরুল্লাহ জানান, পর্যায়ক্রমে মোট ১০টি ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট দেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার দুইটি ভেন্টিলেটর দেওয়া হল এবং বাকি ভেন্টিলেটরগুলো আমদানি প্রক্রিয়াধীন আছে।
সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এরই ধারাবাহিকতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
হাসপাতাল পরিদর্শন শেষে কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সুবিধার অভাবে তা এখনো চালু হয়নি। খুব শিগগিরই সেখানে শিশুদের বহির্বিভাগ চালু করা হবে এবং পর্যায়ক্রমে সেটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তর করা হবে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















