দীর্ঘ দুই মাস রমজান ও রাজনৈতিক প্রেক্ষাপটে পর্যটকশূন্য থাকার পর পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা। ঈদের দিনের বৃষ্টিভেজা আবহ কাটিয়ে দ্বিতীয় দিন থেকে দেশের অন্যতম এ সমুদ্রসৈকত পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায়। ঈদের দ্বিতীয় দিনের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ঢল নামে সৈকতে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়, যা একসময় রূপ নেয় জনসমুদ্রে। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছুটির সুযোগে পর্যটকদের এ ভিড় আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা। পর্যটকদের এ আগমনে বিক্রি বেড়েছে ঝিনুক, বার্মিজ পণ্য থেকে শুরু করে আবাসিক হোটেল পর্যন্ত সকল ব্যবসায়ীদের।
কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান— শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেবুর বন এবং ঝাউবাগান সবখানে দেখা গেছে উপচেপড়া ভিড়। পর্যটকদের কেউ নোনা জলে গোসল করে উপভোগ করছেন সমুদ্রের সান্নিধ্য, কেউ ব্যস্ত স্মৃতিবন্দি করতে ছবি তোলায়। আবার অনেকে রঙিন ছাতার নিচে বসে উপভোগ করছেন ঢেউয়ের শব্দ ও প্রকৃতির শান্ত সৌন্দর্য। ঘোড়ায় চড়ে সৈকতজুড়ে ঘোরাফেরা করতেও দেখা গেছে অনেককে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















