শেরপুরে দুবলাগাড়ী–খন্দকার টোলা সড়কের বেহাল দশা
বগুড়ার শেরপুর শহরের অদূরে দুবলাগাড়ী থেকে খন্দকার টোলা গ্রামের সড়কের বেহাল অবস্থার কারণে প্রায় ২০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
জানা গেছে, শেরপুর উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়ন ও ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের সীমান্তবর্তী দুবলাগাড়ী থেকে খন্দকার টোলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন কোনো সংস্কার করা হয়নি। ফলে একসময় পাকা থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে মাটির রাস্তায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা ও গর্তে ভরে যায়, এতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই সড়ক দিয়ে প্রতিদিন এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও এই সড়কে অচলাবস্থার কারণে চলাচলকারী রিক্সা ভ্যানসহ বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে এবং হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী আবু বক্কর বলেন, “দুটি ইউনিয়নের সীমান্ত এলাকা দুবলাগাড়ী ঈদগাহ মাঠ থেকে খন্দকার টোলা মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা আগে পাকা ছিল। এখন সেটি সম্পূর্ণ মাটির রাস্তায় পরিণত হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে স্থানীয়এমপি গোলাম মোঃ সিরাজসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসীর দাবি, জনসাধারণের চলাচলের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























