বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর সন্তান সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজা প্রদানের পর দুপুরেই তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকাসক্ত সোহেল রানার মা জোসনা খাতুন জানান, তাঁর ছেলে গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই মা-বাবাকে মারধর করত এবং টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করত। ছেলের এমন বেপরোয়া আচরণ থেকে রক্ষা পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নিরুপায় হয়ে তিনি পুলিশের কাছে আবেদন করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, সোহেল রানার মায়ের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদকাসক্ত অবস্থায় তাঁকে নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। এসময় বাড়ির জিনিসপত্র ভাঙচুরের চিহ্নও দেখা যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন এবং এর প্রেক্ষিতে আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























