ডা. মো. নাহিদ হোসেন
শেরপুর নিউজ ডেস্কঃ
ক্যান্সার এমন একটি রোগ, যা প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসাযোগ্য। বিশ্বজুড়ে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ক্যান্সারে মারা যায়, যার একটি বড় কারণ হলো দেরিতে রোগ নির্ণয়। অনেক ক্ষেত্রে ক্যান্সারের প্রাথমিক উপসর্গ আগে থেকেই উপস্থিত থাকে, কিন্তু গুরুত্ব না দেওয়ার কারণে রোগ ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা জটিল হয়ে যায়। ক্যান্সারের শুরুতে উপসর্গগুলো সাধারণ ও অস্পষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে গলা ব্যথা থাকা বা কণ্ঠস্বর পরিবর্তন হওয়া ক্যান্সারের একটি সতর্ক সংকেত হতে পারে। অস্বাভাবিক রক্তপাত, যেমন– প্রস্রাব, পায়খানা বা বমির সঙ্গে রক্ত যাওয়া কখনোই অবহেলা করা উচিত নয়। শরীরের কোনো স্থানে অকারণ ফোলা, ব্যথা বা গাঁট তৈরি হলেও দ্রুত পরীক্ষা প্রয়োজন।
দীর্ঘমেয়াদি কাশি, যা চিকিৎসার পরও ভালো হয় না, খাবার গিলতে কষ্ট হওয়া কিংবা হজমে সমস্যা ক্যান্সারের লক্ষণ হতে পারে। ত্বকের তিল বা ক্ষতে হঠাৎ আকার, রং বা গঠনের পরিবর্তন হলে সতর্ক হতে হবে। অকারণ ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, রাতের বেলা ঘাম হওয়া কিংবা ঘন ঘন জ্বর হওয়াও গুরুত্বপূর্ণ উপসর্গ। মুখের ভেতরে দীর্ঘদিন ঘা, রক্তপাত, ব্যথা বা অসাড়তা থাকলে পরীক্ষা জরুরি। দৃষ্টি বা শ্রবণশক্তির পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী ক্ষুধামান্দ্যও ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে। ত্বকের রং পরিবর্তন, অতিরিক্ত চুলকানি বা চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়াও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ক্যান্সারের উপসর্গ সব সময় নির্দিষ্ট হয় না। শরীরে যদি দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন দেখা যায় বা ধীরে ধীরে উপসর্গ বাড়তে থাকে, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। সময়মতো সচেতনতা ও পরীক্ষা জীবন বাঁচাতে পারে।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ক্যান্সার এখন আর সব সময় ‘অনিরাময়যোগ্য’ নয়। নিয়মিত স্ক্রিনিং টেস্ট, যেমন– নারীদের ক্ষেত্রে ‘প্যাপ স্মিয়ার’ ও ‘ম্যামোগ্রাফি’ এবং পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের পর প্রস্টেট পরীক্ষা ক্যান্সার থেকে দূরে থাকার কার্যকর মাধ্যম। এ ছাড়া জীবনযাত্রায় পরিবর্তন, যেমন– প্রক্রিয়াজাত মাংস বর্জন, ধূমপান ত্যাগ এবং ওজন নিয়ন্ত্রণে রাখা ক্যান্সারের ঝুঁকিকে প্রায় ৪০ শতাংশ কমিয়ে দেয়। অনেক সময় বংশগত কারণে ক্যান্সার হতে পারে। তাই সচেতন হওয়া প্রয়োজন। লেখক : ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























