শেরপুর নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল।
এ সময় হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, রান্নাঘর, বহির্বিভাগ ও স্টোর রুম (মালামাল রাখার গুদাম) ঘুরে দেখেন তারা। পরে হাসপাতালের বিভিন্ন নথি পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি পান অভিযানকারী দল।
দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন তারা। এ সময় হাসপাতালে স্বাস্থ্যসেবার হয়রানি, টিকিটের দামে নয়-ছয়, বিভিন্ন ভুয়া বিল ভাউচার ও খাদ্যের মান যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বেশ কিছু সত্যতাও পাওয়া গেছে। এ ব্যাপারে আরও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























