শেরপুর নিউজ ডেস্ক:
নেপালের বিপক্ষে দাপুটে জয়ে আবারও সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে গতকাল সোমবার অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায় সাঈদ খোদারাহমির শিষ্যরা।
বাংলাদেশের হয়ে গোল শুরু করেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ব্যবধান বাড়ান কৃষ্ণা রানী সরকার ও লিপি আক্তার। এই জয়ের ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট। প্রথম ম্যাচে ভারতকে হারালেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল ভুটানের সঙ্গে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটসাল খেলছে বাংলাদেশ। ১০ মিনিটে দুবার গোলের সুযোগও পায় তারা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ১৪ মিনিটে অনিতার কাছ থেকে বল পেয়ে সাবিনাকে পাস দেন কৃষ্ণা। সেই পাস ধরে নিখুঁত শটে লক্ষভেদ করেন বাংলাদেশ অধিনায়ক।
বিরতির আগে প্রথম গোলের কারিগর কৃষ্ণা একাই প্রতিপক্ষ রক্ষণ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে খানিকটা সতর্ক হয়ে খেলে বাংলাদেশ। নেপালও সুযোগ খুঁজতে থাকে। তবে বাংলাদেশের গোলকিপার স্বপ্না আক্তারকে ফাঁকি দিতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধে তিনটি দারুণ সেভ ছিল তার। এর মধ্যে লিপির সৌজন্যে তৃতীয় গোলটি পেয়ে যায় বাংলাদেশ।
লিগ পদ্ধতির প্রতিযোগিতায় বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল না থাকায় সাত দলের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























