এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২ জানুয়ারি) ভোরে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া–নাটোরগামী সড়কের পূর্ব পাশে গীতা ফিলিং পয়েন্টের সামনে অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি দল একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মাদক ব্যবসায়ী সাজু মিয়া (৪০) এবং লাহিড়ীপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে সিএনজি চালক আব্দুল হক (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বগুড়া থেকে নাটোরের সিংড়ায় গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সিএনজিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানায় এসআই তাহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























