“মুন্সী সাইফুল বারী ডাবলু”
একটা সময় ছিল যখন ” বৈঠকখানা কাচারি ঘর বা খানকা ঘর” গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্য,কৃষ্টি ও কালচারের অংশ ছিল। আধুনিকতার ছোঁয়ায় সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্য “কাচারি ঘর, খানকা ঘর বা বৈঠক খানা”। ঈশা খাঁর আমলে কর্মচারীরা বাড়ির বৈঠকখানা- কাচারি ঘরে বসে খাজনা আদায় করতেন। যখন দেশে জমিদারি প্রথা চালু ছিল; তখনো গ্রামের প্রভাবশালী মোড়লদের বাড়ির বৈঠকখানা বা কাচারি ঘরে বসে খাজনা আদায় করা হতো। সালিশ-বিচারসহ গ্রামের সব সামাজিক কাজগুলো পরিচালিত হতো কাচারি ঘর থেকেই।
জমিদারি প্রথা বিলুপ্তির পরও এদেশে প্রায় বাড়িতেই বৈঠকখানা বা কাচারি ঘরের প্রচলন ছিল। এখন আর বৈঠকখানা বা কাচারি ঘরে নেই শিক্ষার্থীদের চিরচেনা পড়ার আওয়াজ, বাড়ির মুরুব্বিদের দরাজ গলায় পবিত্র কোরআন পাঠের সুর, অতিথিদের নিয়ে গল্প-আড্ডার আসর অথবা রাতের বেলা পুঁথিপাঠ, জারি-সারি গান গাওয়া ও লুডু খেলার আসর। বাড়ির পূর্ব-পুরুষদের নানা স্মৃতি-বিজড়িত এ কাচারি ঘর সত্যিই প্রাচীনকালের ঐতিহ্য বহন করে চলেছে। গ্রামের অভিজাত ও সম্ভ্রান্ত্র ধনাঢ্য গৃহস্থ পরিবারের আভিজাত্যের প্রতীক” বৈঠকখানা কাচারি ঘর বা খানকা ঘর”। বাড়ি থেকে একটু দূরে এই ঘরের অবস্থান ছিল। অতিত মুসাফির অথবা দুরের আত্মীয় স্বজন এলে তাদেরকে এবং লজিং মাস্টারকে থাকতে দেয়া হতো এই ঘরেই। বিয়ে সাদি হলে বর যাত্রীদের বসতে দেওয়া হতো বৈঠকখানা-কাচারি ঘরে। বৈঠকখানা-কাচারি ঘরের সাথে ভীতর বাড়ি বা অন্দর মহলের কোন সম্পর্ক ছিল না। বাইরের কোনো লোকজনের সাথে বাড়ির ঝি- বৌয়ের কথা বলাতো দূরের কথা দেখা সাক্ষাতও হতো না।
কুমিল্লা ও ফরিদপুর থেকে আগত সুরমা-আতর বিক্রেতা,ছাতি মেরামত করতে আসা লোকজন এবং দূর আগন্তক পথিকদের রাত্রিবাসের জায়গা ছিল ধনাঢ্য গৃহস্থের বৈঠক খানা, কাচারি ঘর বা খানকা ঘর। ছাতা মেরামত ও সুরমা-আতর বিক্রেতারা রান্না করে রাতের খাবার খেতো। সকালে আবার রাতের অবশিষ্ট বাসি খাবার খেয়ে বেড়িয়ে পড়তো ফেরী করার জন্য। সারাদিন গ্রামে গ্রামে ফেরী করে সন্ধ্যায় আবার অন্য কোন গৃহস্থের বৈঠকখানা-কাচারি ঘরে আশ্রয় নিতো। আমাদের গ্রামের বাড়ির বৈঠকখানা-কাচারি ঘরটি ছিল বেশ বড়। বিশাল বড় টিনের ঘর অর্ধেকটুকু টিনের সরদল বেড়া দিয়ে দরজা লাগিয়ে থাকা যেত। বাকি অর্ধেকটুকু তিন ফুট টিনের বেড়া দিয়ে উপরের দিকে খোলা রাখা ছিল। ঘরটি বাড়ি থেকে কমপক্ষে ৫০ গজ দূরে ছিল। গ্রামের বাড়ি হলেও প্রাচীর বেষ্টিত অনেক পুরাতন পাকা দালান বাড়ি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই গ্রামের বাড়িতে থাকতাম। আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র । করতোয়া নদীর পূর্ব পাড়ে আমাদের ভাটরা গ্রাম অবস্থিত। নদীর ধারে আমাদের বাড়ি হওয়ায় সবাই নিরাপদ মনে করে আমাদের গ্রামের বাড়িতে অবস্থান করছিল। একদিন বাড়ি ভর্তি আত্মীয় স্বজনসহ অনেক লোকজন। ঐদিন বাড়িতে অস্ত্রসহ ৫/৬ জন মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন। স্থানীয় দালালদের মাধ্যমে এই খবর পেয়ে ঐদিন খুব সকালে শেরপুর আর্মি ক্যাম্প থেকে শতাধিক পাকিস্তানি সেনা ও স্থানীয় দালাল বিহারী ও ৫০/৬০ জন রাজাকার আমাদের বাড়ি চারদিক দিয়ে ঘেরাও করে মেইন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে আমার বাবা মরহুম মুন্সী মোঃ আব্দুল মালেক (জেলা ও দায়রা জজের জুড়ি) একটি ঘরের বাহিরের বিশেষ দরজা খুলে খোলা উঠান বা খলিয়ান এর মধ্যে গিয়ে পাকিস্তানী আর্মিদের উদ্যেশ্য করে সালাম দিয়ে বলেন বাড়িতে মেহমান আগিয়েতো আমারা বৈঠকখানামে বঠনেহোগা। এই জলদিসে বৈঠকখানায় কুরশি লাগাও। এসময় পাকিস্তানী সেনারা স্তম্ভিত হয়ে যায় এবং বাড়ি থেকে প্রায় পঞ্চাশ গজ দূরে বৈঠকখানা বা কাছারি ঘরে গিয়ে বসে। তখন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সেখানে অনেক সময় ধরে বাবার সাথে বাদচিত বা কথাবার্তা হওয়ার পর বাবার বুদ্ধিমত্তার সাথে পেরে উঠতে না পেরে পাকিস্তানী সেনাবাহিনী, স্থানীয় দালাল, বিহারী ও রাজাকাররা নদী পার হয়ে চলে যায়। বাবা অনেক সাহসী ছিলেন এবং বাংলা ইংরেজি উর্দু ফারসি ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। সেদিন মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ঐ “বৈঠকখানা বা কাচারি ঘর” আমাদের বাড়িতে অবস্থানরত মুক্তিযোদ্ধা ও আত্মীয় স্বজনসহ সবাইকে রক্ষা করেছিল। এরপর আমাদের গ্রামের বাড়ি আর নিরাপদ মনে না হওয়ায় আমার এক চাচাতো ভাই মকবুল ভাইয়ের সাথে আমাদের পুর্ব পুরুষদের বাড়ি সিরাজগঞ্জের কালিয়ার জমিদার মুন্সী নূর উদ্দিন সিদ্দিকীর বংশধর কড্ডার ডাঃ আব্দুল গফুর সিদ্দিকীর বাড়িতে গমন করি। ঐ বাড়িতে যে বৈঠক খানা বা খানকা ঘর আমি দেখেছি সেই ঘরে শাল কাঠের খাম,টিনের সরদলের বেড়া এবং ছনের ছাউনি তার নিচে শীতল পাটির কারুকাজ করা। বৈঠক খানা বা খানকা ঘরের সামনে সুদৃশ্য ফুলের বাগান। বৈঠক খানা বা খানকা ঘরে বসে সুদৃশ্য ফুলের বাগানের দিকে তাকিয়ে থাকলে যেকারো কঠিন মনও ভালো হয়ে যেত। এমন সুন্দর আরেকটি বৈঠক খানা বা কাচারি ঘর আমি দেখেছিলাম পাকিস্তান আমলে আমার বড় ভগ্নিপতি সাবেক সমবায় কর্মকর্তা মরহুম মুন্সী আব্দুল জব্বার এর গ্রামের বাড়ি কাজিপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী মুন্সী বাড়িতে। এ ছাড়াও আরও দেখেছি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের মরহুম তছির উদ্দিন তালুকদারের বাড়ি,কালেরপাড়া গ্রামে মরহুম জিরা মন্ডলের বাড়ি, চৌকিবাড়ি গ্রামের মরহুম মফিজ উদ্দিন তালুকদারের বাড়ি, মরহুম পর্বত আলী তরফদারের বাড়ি, দীঘল কান্দী গ্রামের মরহুম আবেস সরকারের বাড়ি, মরহুম খোরশেদ আলম তালুকদারের বাড়ি,কুমরাডাঙ্গা গ্রামের মরহুম জাবেদ আলী সরকারের বাড়ি,বহালগাছা গ্রামে মরহুম কুরান খাঁর বাড়ি, বিশ্বহরিগাছা গ্রামে মরহুম জনাব আলী খাঁর বাড়ি, মরহুম আলতাব মাষ্টারের বাড়ি, চাঁনদিয়ার প্রামের মরহুম মিছিল খাঁর বাড়ির বৈঠক খানা বা কাচারি ঘর, শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামে মরহুম আজগর আলী সরকারের বাড়ি, বেটখৈর গ্রামের গৌর দাস রায় চৌধুরীর বাবা মৃত কানু চৌধুরীর বাড়ি, খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে মরহুম আব্দুল কুদ্দুস মুন্সীর বাড়ি,ভীমজানী গ্রামে মরহুম নঈম উদ্দিন ডাক্তারের বাড়ির বৈঠক খানা বা কাচারি ঘরসহ বরেন্দ্র অঞ্চলের বিশালপুর ইউনিয়েনের কচুয়াপাড়া গ্রামে মরহুম আয়েন সরকারের বাড়ি,পেঁচুইল গ্রামের মরহুম মহির উদ্দিন খাঁর বাড়ি, কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামে মরহুম সিরাজ উদ্দিন প্রামাণিক এর বাড়ি, মরহুম আব্দুস সামাদ চেয়ারম্যান এর বাড়ি,জামুর গ্রামের ইশারত ডাক্তারের বাড়ি, ভবানীপুর ইউনিয়েনের মরহুম নওশের আলী চেয়ারম্যান এর বাড়ি,আমীনপুর গ্রামে আমার বাল্যবন্ধু এ্যাডঃ আবুল কালাম আজাদের বাড়ির মাটির তৈরি কাচারি ঘর ছিল উল্লেখযোগ্য। আরও অনেক বাড়িতে বৈঠক খানা বা কাচারি ঘর ছিল। এখন সেসব বৈঠক খানা বা কাচারি ঘর আর নেই বললেই চলে। এখন কাচারি ঘর বিলুপ্ত হয়ে হয়েছে ড্রয়িং রুম। অধিকাংশ বাসাবাড়িতে ড্রয়িং রুমের মধ্যে দিয়েই বাসায় প্রবেশ করতে হয়। এখন আর বাড়ির অন্দর মহল বা প্রাইভেসি বলতে অবশিষ্ট আর কিছু নেই।




Users Today : 106
Users Yesterday : 133
Users Last 7 days : 928
Users Last 30 days : 4981
Users This Month : 368
Users This Year : 13855
Total Users : 535175
Views Today : 191
Views Yesterday : 191
Views Last 7 days : 1498
Views Last 30 days : 7617
Views This Month : 582
Views This Year : 22465
Total views : 812580
Who's Online : 0