শেরপুর নিউজ ডেস্কঃ
বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে ৭ লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় পুলিশের জালে ধরা পড়ে মো. রিয়াজুল ইসলাম (৩৯)।
রিয়াজুলের কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১ হাজার ৪০০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়ায়। তার পিতা মৃত ইসমাইল হোসেন এবং মাতা মোছা. জরিনা বেগম।
পুলিশ জানায়, জালনোট পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























