শেরপুর নিউজ ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু’র সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। তারা বাংলাদেশের শ্রম মান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন। এছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।
একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবার-এর ডেপুটি আন্ডার সেক্রেটারি মিজ থিয়া লি’র সঙ্গেও সাক্ষাত করেছেন। এ সময় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা উপস্থিত ছিলেন।
Bogura Sherpur Online News Paper