বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ঠিক কতগুলো মোবাইল ফোন চুরি হয়েছে সেটি সঠিক জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।
গত শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইল দীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।
অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং আরও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও বিপুল দর্শকের উপচেপড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালীন একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে। পরে অনুষ্ঠান শেষে শতাধিকেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























