ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছে রাজা ওরফে পিচ্চি রাজা। প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায় ২০ থেকে ২৫টি মামলার এ আসামি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম।
আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যান থেকে পালালো শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। তার বাবার নাম মোতালেব। সে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতো।
কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় সে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায়। সেখান থেকেই পালিয়ে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫টি মামলার তথ্য রয়েছে। তার বিষয়ে আরও তথ্য জানতে চাইলে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























