ভুয়া কমিটি করে এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ এনে শনিবার (২৯ আগস্ট) সকালে মানববন্ধন হয়েছে বগুড়া মহানগরের সাতমাথায়। গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার সরকারি অনুদানের দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জড়িতদের শাস্তি ও টাকা ফেরতের দাবিও জানিয়েছেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা নিজেদের ওই মাদরাসা কমিটির সাথে যুক্ত বলে জানান।
বক্তারা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে পরিচালিত হয়ে আসছে সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানা। সম্প্রতি প্রতিষ্ঠানটির উন্নয়ন তহবিলে বগুড়া জেলা পরিষদ থেকে ১৬৮ নম্বর প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয় দুই লাখ টাকা।
প্রতিষ্ঠানের বৈধ ও চলমান কমিটি থাকা সত্ত্বেও গাবতলী উপজেলা বিএনপির নেতা শাহাদত হোসেন খান সাগর ও গাবতলী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দৌলত জামান ভুয়া কমিটি ও কাগজপত্র জেলা পরিষদে দাখিল করেন। পরে পার্করোড রূপালী ব্যাংক মহিলা শাখায় এতিমখানার নামে পৃথক ব্যাংক হিসাব খুলে ওই টাকা উত্তোলন করা হয়।
বিষয়টি জানার পর জেলা পরিষদে লিখিত অভিযোগ দেওয়া হয় বলে জানান মানববন্ধনের আয়োজকরা। তাদের দাবি, জেলা পরিষদ প্রশাসক দুই পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং আত্মসাৎ করা দুই লাখ টাকা ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেন।
তবে সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের। পরে এ ঘটনায় গাবতলী মডেল থানায় ২৭ জুলাই একটি সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মানববন্ধন থেকে এতিমখানার দুই লাখ টাকা ফেরত, ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে মাদ্রাসার পক্ষে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. মতিউর রহমান, মাদ্রাসার সদস্য নজরুল ইসলাম খান সহ আরও অনেকে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















