বলিউডের মডেল-অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছুই ছাড়ছেই না। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাক ঘিরে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনা-সমালোচনা আর বিতর্ক।
এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী। এ সময় তাকে ভারতের জাতীয় পতাকার রঙ ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাকে দেখা যায়। যার পরনে ছিল জাতীয় পতাকার তিনটি রঙ— গেরুয়া, সাদা ও সবুজ। সেই সঙ্গে পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র, সঙ্গে সোনালি ঝালরের ব্যবহার।
অব-শোল্ডার পোশাকের সঙ্গে উর্বশী রাউতেলা পরেছিলেন বড় হীরার কানের দুল, হাতে রুপালি চুড়ি ও আঙুলে ভারি একটি আংটি। পোশাকের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা বিতর্ক। নেটিজেন একাংশের দাবি— জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান করা। অবশ্য নেটিজেনদের আরেকাংশ উর্বশীর প্রশংসা করে বলেছেন, নিজের পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে তুলে ধরার চেষ্টা করেছেন।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিতর্কের মাঝেই এ পোশাক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন উর্বশী রাউতেলা। তিনি বলেন, আমি বলেছিলাম— আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। আমার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত বলেও জানান এ অভিনেত্রী।
উর্বশী রাউতেলার জন্য এবারের আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন অভিনেত্রী। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের প্রতিযোগিতায় সেই সুস্মিতা সেনও ছিলেন নির্বাচন কমিটির সদস্য। মঞ্চে দাঁড়িয়ে নিজের সেই স্মৃতিও বিশেষভাবে স্মরণ করেন সাবেক এ বিজয়ী।
তবে আয়োজনের স্মৃতির চেয়েও এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে উর্বশীর জাতীয় পতাকা-অনুপ্রাণিত পোশাক এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























