সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে জড়িয়ে ছড়িয়ে পড়ে―তিনি নাকি বিয়ে করেছেন। আরও দাবি করা হয়, গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন। এ খবর ছড়িয়ে পড়তেই মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন তিনি। তবে ছড়িয়ে পড়া দাবিটি একদম মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন প্রভা। তিনি বলেন, আমি কিছুই জানি না। হঠাৎ করেই শুনলাম, আমার নাকি বিয়ে হয়েছে। এ নিয়ে আসলে কী বলব! সত্য হচ্ছে- আমি বিয়ে করিনি। আবার চুক্তিভিত্তিক বিয়ের কথাও বলা হচ্ছে। কখনো কোনো চুক্তিভিত্তিক বিয়ে বা এমন কোনো সম্পর্কে আমি জড়াইনি। আমাকে ঘিরে যেসব কথা রটানো হচ্ছে, তা একদমই ভিত্তিহীন।
এ অভিনেত্রী জানান, তার বিয়ের দাবি নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও এ ব্যাপারে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। নিজের ইচ্ছামতো নানা কথা লিখছেন অনেকে। তাই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের লেখার শক্তি রয়েছে। একই কলম কাউকে ভয়ংকর হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে উপস্থাপন করতে পারে। তবে এই শক্তির সঙ্গে দায়িত্বও রয়েছে। এ জন্য কারও ব্যক্তিজীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে অনুগ্রহ করে সেসব তথ্য যাচাই করুন। তবেই সত্যটা জানা যাবে।
এ দিকে ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে পড়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা। কেননা, বিষয়টি অনেকেই ভুলভাবে জানছেন। তাই তো ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কখনো কোনো ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিজীবন বা যেকোনো ব্যাপারে সঠিক ও সত্য তথ্যগুলো সবগুলো আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে।
প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন প্রভা। তারপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে দেশে কাজের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সময় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























