বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। পেশায় তিনি একজন খামারি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক তাঁর পথরোধ করে। এ সময় তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের ধানখেতে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























