বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির ক্রেতা ও বিক্রেতারা। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সেবাপ্রার্থীদের অভিযোগ, বগুড়া সদর অফিসের পর এটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ অফিস হলেও এখানে দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নেই। বর্তমানে অতিরিক্ত দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সপ্তাহে মাত্র দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) অফিস করেন। এতে দাপ্তরিক কাজে চরম স্থবিরতা তৈরি হয়েছে।
অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩৫০টির বেশি দলিল জমা পড়লেও সারা দিনে মাত্র ৪০ থেকে ৫০টি দলিল রেজিস্ট্রি করা সম্ভব হয়। ফলে প্রতিনিয়ত দলিলের পাহাড় জমছে।
মানববন্ধনে আসা এক সেবাপ্রার্থী আক্ষেপ করে বলেন, “শিমলা এলাকা থেকে ১৩ জন ওয়ারিশ নিয়ে আমি ৬ বার অফিসে এসেছি, কিন্তু কাজ হয়নি। যাতায়াতের এই ধকল সহ্য করতে না পেরে আমার অসুস্থ বোন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















