বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় রাতের আঁধারে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, গত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানছগাড়ি শিতলী মন্দির ও কালীমন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে। রোববার (১৪ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহাদাতুজ্জামান। এ সময় তার সঙ্গে মোকামতলা উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম ও দেউলী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শাহাদাতুজ্জামান বলেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি স্থানীয়দের শান্ত থাকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























