বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগী চলাচলের রাস্তায় মোটরসাইকেল পার্কিং করায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীদের চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।জানা গেছে, হাসপাতালের প্রধান প্রবেশপথ ও ভেতরের গুরুত্বপূর্ণ চলাচলের স্থানে নিয়মিতভাবে মোটরসাইকেল রাখা হচ্ছে। গুরুতর ভর্তি রোগীদের সিঁড়ি দিয়ে উপরে নেওয়া কঠিন হয়ে পড়ছে। অনেক সময় রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।রোগীদের স্বজনরা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র বাইক রাখা হচ্ছে।
এতে জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।এ বিষয়ে স্থানীয়দের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি নজরে নিয়ে রোগীদের চলাচলের পথ উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করার আহ্বান জানান তারা। সচেতন মহল বলছে, হাসপাতালে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি জরুরি, নইলে রোগী সেবার মান ব্যাহত হতে পারে।এ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ কাদির বলেন, “হাসপাতালের সিঁড়ির পাশে রোগীদের চলাচলের রাস্তায় কোনোভাবেই মোটরসাইকেল রাখা যাবে না। যারা নিয়ম অমান্য করে সেখানে বাইক রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেন রোগীদের ভোগান্তি না হয়।”
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















