স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে চলতি বছরও বাণিজ্যকভাবে ভুট্টা চাষে ঝুঁকেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রান্তিক কৃষকরা। বিগত কয়েক বছর বাম্পার ফলন এবং অন্য ফসলের চেয়ে ভুট্টার উৎপাদন খরচ কম থাকায় গত কয়েক বছর হাওরাঞ্চলসহ উপজেলার যেসব কৃষকদের আয়ের উৎস ছিল মূলত প্রচলিত ফসল; তারা এখন ভুট্টা চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন।
সরেজমিন শ্রীমঙ্গল, উপজেলার আশিদ্রোন এবং ভুনবীর ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ পতিত জমিতে সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা। মাথায় লাল ফুল ও গায়ে হলুদ বর্ণের এসব ভুট্টা দোল খাচ্ছে বাতাসে। চাষিদের জমিতে রোপণ করা ভুট্টা গাছে মুচা বাঁধতে শুরু করেছে। উপজেলা জেলা কৃষি অফিস জানায়, শ্রীমঙ্গলের মাটি ও আবহাওয়া ভুট্টা চাষে পুরোপুরি উপযোগী। যার কারণে এ জেলায় ভুট্টার বাম্পার ফলন অব্যাহত রয়েছে।
চলতি রবি মৌসুমে উপজেলার পতিত ৩৩ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। প্রতিটি প্লটের আয়তন ৩৩ শতক। এসব প্লটে অংশগ্রহণকারী কৃষকদের উন্নতমানের বীজ, সার, বালাইনাশক ও বীজ শোধক সরবরাহ করা হয়েছে।
আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামের কৃষি উদ্যোক্তা আহসান হাবিব জানান, তিনি চলতি মৌসুমে ১৮০ শতক জমিতে ভুট্টা চাষ করেছেন। এবার ভালো ফলন হয়েছে। অল্প ব্যয়ে ফসল বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। কৃষি অফিসের প্রণোদনা ও নিয়মিত পরামর্শ পাচ্ছেন বলে তিনি জানান।
সুনগইড় এলাকার প্রান্তিক কৃষক খালিক মিয়া বলেন, অন্যান্য ফসলের তুলনায় পরিশ্রম ও রোগবালাই কম এবং ফলন বেশি হওয়ায় এবার আমি ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। বাম্পার ফলন হয়েছে। আশা করছি দিগুণের বেশি লাভবান হতে পারব।
স্থানীয় কৃষকরাও জানিয়েছেন, সরকারি সহায়তা, সময়োপযোগী প্রশিক্ষণ এবং কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকির ফলে ভুট্টা চাষ এখন সহজ ও লাভজনক হয়ে উঠেছে। ফলে শ্রীমঙ্গলে ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মাসুকুর রহমান জানান, অন্য ফসলের চেয়ে ভুট্টার উৎপাদন খরচ অনেকটাই কম। বাজারে এর চাহিদাও বেশি। পতিত জমিকে উৎপাদনের আওতায় আনতে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। মৌসুমের শুরুতেই কৃষকদের জন্য একাধিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণে জমি প্রস্তুতকরণ, সুষম সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি এবং রোগবালাই দমনসহ ভুট্টা চাষের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আমরা নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। ভবিষ্যতে এই আবাদ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলাউদ্দিন বলেন, উপজেলায় পতিত জমিকে চাষের আওতায় এনে ভুট্টা উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ এবং নিবিড় মাঠ তদারকির মাধ্যমে চলতি রবি মৌসুমে উপজেলার ৩৩ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। ভুট্টা চাষ এখন সহজ ও লাভজনক হয়ে উঠেছে।
বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ অব্যাহত থাকলে কৃষকদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে ভুট্টা অন্যতম। চারা রোপণের মাত্র ১৫০ দিনেই ফসল ঘরে তোলা যায়। এটি চাষে পানি কম লাগে এবং পতিত জমিতে চাষ করা যায়। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নতমানের গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। গরু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা আছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























