জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাসুদ রানা (৩০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই হাসিব পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে হাসিব লাঠি দিয়ে মাসুদ রানার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে দুই সৎ ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। সেই বিরোধ থেকেই মারামারির ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।
অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























