শেরপুর নিউজ ডেস্ক:
প্রায় দুই দশক পর ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন ‘কুইন অব লাটিন’ বলে স্বীকৃত পপ তারকা শাকিরা। গায়িকার ভারত সফরের খবর প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজিত দেশের অনুরাগীরা। শাকিরার পারফর্ম্যান্স স্বচক্ষে দেখা একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার সাক্ষী হতে মুখিয়ে আছেন অনেকেই। গানের পাশাপাশি নাচেও সমান দক্ষ স্বর্ণকেশি এই কণ্ঠশিল্পী।
শাকিরা যখন মঞ্চে থাকেন, তখন যেন এক ছন্দময় দ্যুতি খেলে যায়। অন্তত তার অনুরাগীরা এমনটাই দাবি করেন। ১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। এরইমধ্যেই শুরু হয়ে গেছে অগ্রিম টিকিট বুকিং। ভারতে শাকিরার কনসার্টের আয়োজন করছে ‘ফিডিং ইন্ডিয়া’। সহযোগিতায় রয়েছে ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, ডেলিভারি চার্জ এবং আগাম বুকিংয় ফি-সহ শাকিরার কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার টাকা। একটি টিকিটে একজনেরই প্রবেশাধিকার। কনসার্ট দেখা ছাড়াও এক টিকিটের সঙ্গে আরও বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ভিআইপি লাউঞ্জে যাওয়া, ফ্যান পিট অ্যাক্সেস, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া, অ্যালকোহলযুক্ত পানীয়, প্রিমিয়াম খাবার-সহ আরও অনেক কিছু।
এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন শাকিরা। এ বার মুম্বইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন এই গায়িকা। গত কয়েক বছরে ব্রায়ান অ্যাডাম্স, এড শিরান, দুয়া লিপা, এনরিকে, ‘লিঙ্কিং পার্ক’, ‘মেরুন ৫’-এর মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও ব্যান্ড অনুষ্ঠান করে গেছে ভারতে। তবে এশিয়া মহাদেশে লাটিন শিল্পী শাকিরার জনপ্রিয়তা উপরোক্ত শিল্পীদের তুলনায় কম কিছু নয়। এ কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে বাড়তি ও বিশেষ নিরাপত্তার।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















