শেরপুর নিউজ ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ঝিনাই গ্রামের মেয়ে ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে রয়েছেন সুরাইয়া আক্তার জাহান। তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি মেয়রের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে তিনি শুধুমাত্র নিয়ম অনুযায়ী ‘দায়িত্ব ভাতা’ পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। তিনি ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সুরাইয়া আখতার জাহান তার মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ এজাজ।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তার মেয়াদের পূর্ণতা এবং তা আর না বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষাপটেই নতুন এই নিয়োগ দেয়া হলো।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















