শেরপুর নিউজ ডেস্ক:
২০০২ সালে ‘মনস্টারস বল’ ছবির জন্য অস্কারের ইতিহাসে প্রথম এবং এখনও একমাত্র কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন হ্যালি বেরি। কিন্তু সেই ঐতিহাসিক অর্জনও তার হলিউড ক্যারিয়ারের গতিপথ বদলাতে পারেনি, এমনই বিস্ময়কর স্বীকারোক্তি করেছেন অভিনেত্রী নিজেই।
নতুন ছবি ‘ক্রাইম ১০১’ মুক্তি উপলক্ষে হ্যালি বেরি বলেন, ‘অস্কার জেতার পর ভেবেছিলাম, আমার বাড়ির সামনে সিনেমার চিত্রনাট্যের ট্রাক এসে দাঁড়াবে। কিন্তু বাস্তবে তা হয়নি। অস্কার জিতেও আসলে ক্যারিয়ার বদলায়নি আমার।’
লি ড্যানিয়েলস পরিচালিত ‘মনস্টারস বল’–এ বিলি বব থর্নটন ও হিথ লেজারের সঙ্গে অভিনয়ের জন্য পাওয়া সেই অস্কার নিয়েও তার উপলব্ধি ছিল তিক্ত। বেরির ভাষায়, ‘আমি পুরস্কারটা পেয়ে ভীষণ গর্বিত ছিলাম, কিন্তু পরদিন সকালে দেখি আমি তখনও কৃষ্ণাঙ্গ নারীই!’
তিনি আরও বলেন, অস্কারের পরও বহু পরিচালক তাকে বলতে থাকেন, ‘‘এই চরিত্রে যদি একজন কৃষ্ণাঙ্গ নারীকে নিই, তাহলে গল্পের মানে বদলে যাবে। তাহলে কি একজন কৃষ্ণাঙ্গ পুরুষকেও কাস্ট করতে হবে? তখন তো এটা ‘ব্ল্যাক মুভি’ হয়ে যাবে। আর ব্ল্যাক মুভি বিদেশে চলে না।”
এই বাস্তবতা থেকেই একসময় তিনবার অস্কার মনোনীত অভিনেত্রী সিনথিয়া এরিভোকেও সতর্ক করেছিলেন হ্যালি বেরি। তার কথায়, ‘তুমি পুরস্কারটা পুরোপুরি প্রাপ্য। কিন্তু আমি জানি না, এটা তোমার জীবন বদলে দেবে কি না। এই স্বীকৃতিটাকেই নিজের কাজের একমাত্র বৈধতা ভাবা উচিত নয়।’
হ্যালি বেরির এই অভিজ্ঞতা মিলে যায় আরেক অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং’ওর বক্তব্যের সঙ্গে। ২০২৪ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’–এর জন্য অস্কারজয়ী লুপিতা বলেন, ‘অস্কার জয়ের পর ভেবেছিলাম, এবার নানা ধরনের প্রধান চরিত্রের প্রস্তাব আসবে। কিন্তু বাস্তবে প্রস্তাব এসেছিল আবারও দাস চরিত্রে!’
‘ক্রাইম ১০১’ ছাড়াও সামনে আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে হ্যালি বেরির হাতে।
সূত্র: হলিউড রিপোর্টার
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























