শেরপুর নিউজ ডেস্ক:
আসল নাম শারমিন নাহিদ নূপুর। তবে দেশ জুড়ে কেবল শাবনূর নামেই পরিচিত। নামের আগে কিংবা পরে কোনো শব্দ নেই। কোনো বিশেষণেরও প্রয়োজন পড়ে না ঢাকাই সিনেমার উজ্জ্বল এই তারকার পরিচয়ের ক্ষেত্রে। অভিনয় থেকে দূরে থাকলেও দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে শাবনূরের আবেদনে যেন বিন্দুমাত্র ভাটা পড়েনি। বিয়ে করে অভিনয় ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমানোর পর মাঝেমধ্যেই ঢাকায় আসেন শাবনূর। চলচ্চিত্রে অভিনয় করার পরিকল্পনাও রয়েছে তার। শেষবার দেশে এসে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। তার মধ্যে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিংও শুরু করেন তিনি। তবে এই চলচ্চিত্রটির আর বাকি কাজ শেষ হয়নি। আবার দেশে ফিরে এর বাকি কাজ শেষ করার আশ্বাস দেন এই তারকা। বর্তমানে অস্ট্রেলিয়া থেকে এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন শাবনূর।
অন্যদিকে জায়েদ খানসহ ঢালিউডের বেশ কয়েকজন নায়ক-নায়িকা পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর শাবনূরের আমেরিকা যাওয়ার খবরে তার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য মুখিয়ে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দেশি তারকারা। এরই মধ্যেই শাবনূরকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে সহকর্মীদের মধ্যে। মৌসুমী, অমিত হাসানের পর এবার চিত্রনায়ক জায়েদ খানের নিমন্ত্রণে ডিনারে অংশ নেন শাবনূর। সেখানে তার সঙ্গে দেখা করলেন আলেকজান্ডার বো, কাজী মারুফ, মামনুন ইমন, আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী। গানে-গল্পে-আড্ডায় মেতে উঠেছিলেন শাবনূরসহ আমন্ত্রিত অতিথিরা।
এ বিষয়ে জায়েদ খান বলেন, শাবনূর আমাদের চলচ্চিত্র ইতিহাসের আইকন। তিনি নিউ ইয়র্কে এসেছেন, তাই তার সম্মানে আমি একটা ডিনারের আয়োজন করেছিলাম। সেখানে শাবনূর ছিলেন, তার হাতে আমি ফুল তুলে দিয়েছি। বলা যায় সম্মানিত করার চেষ্টা করেছি। সেখানে নিমন্ত্রিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। গল্প-আড্ডা শেষে শাবনূরের সঙ্গে একই ফ্রেমে বন্দি হন অগ্নিকন্যা মাহি। শাবনূর বরাবরই মাহিয়া মাহিকে ভীষণ স্নেহ করেন। এর আগেও শাবনূরের সঙ্গে মাহির দেখা হয়েছে বেশ কয়েকবার।
মাহিয়া মাহি বলেন, ‘শাবনূর আপু আমাদের সিনেমার গর্ব। তার অভিনয় সেই ছোটবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগে। বলা যেতে পারে তিনি আমার অভিনয়ের অনুপ্রেরণাও বটে। অনেক দর্শক আমাকে বলেছেনও আমার মধ্যে তারা শাবনূর আপুর ছায়া দেখতে পান। যা আমাকে বেশ পুলকিত করে। শাবনূর আপু দীর্ঘ সময় বাংলাদেশের সিনেমায় রাজত্ব করে গেছেন। বিশেষত সিনেমার পর্দায় শাবনূর আপুর সঙ্গে আমার প্রিয় নায়ক সালমান শাহ ভাইয়ার অভিনয় ছিল অনবদ্য। এই জুটির সিনেমা এখনো দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করে। সেই শাবনূর আপু আমাকে স্নেহ করেন এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালো লাগার। তার সান্নিধ্যে যতবার এসেছি ততবারই তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার ভালোবাসায় ভীষণ আপ্লুত আমি।’
এদিকে দেশে শাবনূরের দুটি সিনেমায় কাজ করার কথা থাকলেও, আপাতত এই সিনেমাগুলোর কাজ হচ্ছে না। কারণ শাবনূরের সহসা দেশে ফেরার সম্ভাবনা কম। যে কারণে আপাতত শাবনূর ভক্তদের তার নতুন সিনেমার জন্য অপেক্ষা করতে হবে। তবে শাবনূর যখনই ফিরবেন বেশ ভালোভাবেই ফিরবেন এমনটাই জানালেন তিনি।
এর আগে গত ১৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ছেলেকে নিয়ে আমেরিকায় এসেছিলেন শাবনূর। সেখানে তার সঙ্গে দেখা করে অনেকক্ষণ আড্ডায় মাতেন চিত্রনায়িকা মৌসুমী।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























