শেরপুর নিউজ ডেস্ক:
আমাদের রান্নাঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে আলু। এমন কোনো রান্না নেই, যেটায় আলু ব্যবহার করা যায় না। ছোট থেকে বড়—সবাই আলু খেতে পছন্দ করেন। ভাজা, ঝোল, পরোটা, বিরিয়ানি—প্রায় সব পদেই আলুর উপস্থিতি খাবারের স্বাদ বাড়িয়ে দেয়।
কিন্তু ওজন আর স্বাস্থ্যের প্রসঙ্গ উঠলেই অনেকেই প্রথমে আলুকেই বাদ দেন। কারণ আলুতে নাকি স্টার্চ বেশি, তাই এটি ওজন বাড়ায় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এমন ধারণা খুবই প্রচলিত। কিন্তু সত্যিই কি আলু এতটা খারাপ?
হেলথলাইন ডট কম-এর তথ্যানুযায়ী, আলু সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে খেলে বরং স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি কিভাবে রান্না করা হচ্ছে এবং কতটা খাওয়া হচ্ছে—এই দুই বিষয়ের ওপরই আসল ফলাফল নির্ভর করে।
চলুন, আলু নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণার আসল সত্য জেনে নেওয়া যাক।
মিথ ১ : আলু মানেই শুধু ক্যালরি
অনেকের ধারণা আলুতে কোনো পুষ্টি নেই, শুধু ক্যালরি। কিন্তু বাস্তবে আলু প্রাকৃতিক ফাইবারে সমৃদ্ধ এবং এতে ফ্যাট ও ক্যালরি তুলনামূলক কম। পাশাপাশি এতে থাকে ভিটামিন সি, ভিটামিন বি৬ এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।
অর্থাৎ আলু শুধু কার্বোহাইড্রেট নয়, শরীরের জন্য দরকারি অনেক উপাদানও সরবরাহ করে।
মিথ ২ : আলু খেলেই ওজন বাড়ে
আলু নিজে থেকে ওজন বাড়ায় না। আসলে ওজন বাড়ে আলু কিভাবে রান্না করা হচ্ছে তার ওপর। ফ্রেঞ্চ ফ্রাই, কাটলেট, টিক্কা বা চিলি পটেটোর মতো ভাজা পদে তেল ও ক্যালরি বেশি থাকে বলেই ওজন বাড়ার ঝুঁকি বাড়ে। কিন্তু সিদ্ধ, বেক, গ্রিল বা অল্প তেলে রান্না করা আলু তুলনামূলকভাবে অনেক বেশি স্বাস্থ্যকর।
মিথ ৩ : ডায়াবেটিসে আলু খাওয়া নিষেধ
আলুর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে বেশি হওয়ায় রক্তে শর্করা বাড়তে পারে—এটা সত্য। তবে মূল বিষয় হলো কতটা খাওয়া হচ্ছে এবং কিভাবে রান্না করা হয়েছে। সিদ্ধ আলুতে থাকা স্টার্চ অনেকাংশে ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’-এ রূপান্তরিত হয়, যা ফাইবারের মতো কাজ করে এবং রক্তে শর্করা দ্রুত বাড়তে বাধা দেয়। প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ সবজির সঙ্গে আলু খেলে ডায়াবেটিস রোগীর জন্য ঝুঁকিও কমে।
মিথ ৪ : আলুর কার্বোহাইড্রেট অস্বাস্থ্যকর
ওজন কমানোর নামে অনেকেই কার্বোহাইড্রেট বাদ দিতে চান। কিন্তু পুরোপুরি কার্বোহাইড্রেট ছেড়ে দিলে শরীরের শক্তি কমে যেতে পারে। আলুতে থাকা জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার ধীরে ধীরে শক্তি জোগায়, ফলে দীর্ঘ সময় শরীর চনমনে থাকে এবং হঠাৎ ক্ষুধাও কম লাগে।
সূত্র : আজতক বাংলা
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























