শেরপুর নিউজ ডেস্ক:
সিলেটে ইসলামপন্থি আট দলের সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর দেশ হবে দেশপ্রেমিক জনতার। যারা এত দিন নির্বাচন নির্বাচন চিৎকার দিয়ে জনগণকে বেহুঁশ করে তুলছিল, তাদের কেউ কেউ এখন ভিন্ন সুরে কথা বলছেন। জনগণ তাদের লালকার্ড দেখাবে। বাঁকা পথে ক্যু করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে তাদের সেই সূর্য আর উঠবে না।
গণভোটসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।
জামায়াত আমির বিএনপিকে উদ্দেশ করে বলেন, এক দল অপকর্ম করে চলে গেছে। আরেক দলের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা ফের অপকর্মের দায়িত্ব নিয়েছে। এক দল চাঁদাবাজি করে পালিয়ে গেছে। আরেক দল আগের চেয়ে বেশি পেশিশক্তি ব্যবহার করে চাঁদাবাজিতে নেমেছে। জনগণ একবার দখলদারদের প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে পড়েছে।
শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে দেশের মানুষ মাথা উচু করে দাঁড়াতে পারেনি। কারণ ‘বর্গীরা’ চলে যাওয়ার যাওয়ার সময় জনগণের সম্পদ ছোঁ মেরে চলে গেছে। দেশে দেশে বেগমপাড়া তৈরি করেছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে। কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি।
জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করছিল অতীতের অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু তারা পুরোনো ধারায় পড়ে আছেন। তারা সংস্কারে রাজি না, সনদ বাস্তবায়নে রাজি না। গণভোটেও রাজি ছিল না। পরে ধাক্কাইয়া রাজি হয়।
অন্য জোটে যাওয়া ইসলামী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ঘর সেখানে নয়। ঘরে ফিরে আসুন। আপনারা আমাদের ভাই। দেশের মুক্তিপাগল মানুষ জানে আগামীতে তারা কোথায় ভোট দেবে। এখন কেউ রক্তচক্ষুকে ভয় পায় না। আল্লাহর নির্দেশ মোতাবেক এই দেশ জনগণের সম্পত্তি।
ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫৩ বছর আমাদের জিম্মি করে রাখা হয়েছিল। আজ চাঁদাবাজদের পক্ষে জনগণ নেই। যারা যতই পরিকল্পনা করুক, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হবেই। আগামীতে ইসলামী শক্তির উত্থান ঘটবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, যারা জুলাই যুদ্ধে রক্ত দিয়েছে, তাদের বুকের ওপর নতুন করে ফ্যাসিজম জন্ম দেওয়া যাবে না। জুলাই সনদ ও গণভোটে যাদের আপত্তি, তারাই লুটপাটের পথ খুঁজছে। কিন্তু এদেশে ইসলাম ও দেশপ্রেমিক জনতা তা কখনও হতে দেবে না।
মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আব্দুল মজিত আতহারী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক বিল্লাহ জালানী, খেলাফত মজলিসের রেজাউল করিম জালালীসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গতকাল ছিল বিভাগীয় সমাবেশ কর্মসূচির শেষ সমাবেশ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























