শেরপুর নিউজ ডেস্ক:
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে তাঁকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার সেই যাত্রা হতে পারে।
তবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাত সাড়ে আটটার দিকে জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অপরিবর্তিত। অর্থাৎ, আগে যা ছিল, সে অবস্থাতেই আছেন।’ তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে “টেকনিক্যাল সমস্যা”র কথা জানিয়েছে কাতার। তারা বিকল্প কিছু করার চিন্তা করছে। সেটা তারা আমাদের জানাবে। সে ক্ষেত্রে ভোরে যাত্রা হচ্ছে না, এটি দিনের যেকোনো সময়ে হতে পারে। তবে বিষয়টি কিছুটা অনিশ্চয়তায় পড়েছে।’
এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাসসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটটির আজ শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি শাশুড়ির সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে ফিরতে পারেন। সে ক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে। সেটি সন্ধ্যা নাগাদ গড়াতে পারে বলে সিভিল এভিয়েশন ও খালেদা জিয়ার নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এগুলো নির্ভর করবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ড ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ওপর।
যেভাবে লন্ডনে নেওয়া হবে
হাসপাতাল ও বিএনপির সূত্র জানিয়েছে, কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছার পর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত নেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সে একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য আধুনিক সব ধরনের চিকিৎসা সরঞ্জামের সুবিধা রয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সে একদল বিশেষজ্ঞ চিকিৎসক, এসএসএফের কর্মকর্তা, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ ১৭ জন থাকবেন। তাঁরা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক রিচার্ড বেলে, মো. শাহাবুদ্দিন তালুকদার, এ জেড এম জাহিদ হোসেন, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, নূরউদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ সামিন মাহফুজ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, জিয়াউল হক, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























