শেপেুর নিউজ ডেস্ক:
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকদের চেষ্টার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সাংবাদিক হায়াত উদ্দিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাগেরহাট সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে। নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় বাগেরহাটে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।
নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট পৌর বিএনপি সদস্য। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, সাংবাদিক হায়াত উদ্দিন সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























