শেরপুর নিউজ ডেস্ক:
নীলফামারীতে জন্মগত জোড়া লাগা সেই শিশু জুহি ও রুহিকে সফল ভাবে আলাদা করা হয়েছে । ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি (ইউনিট-২) অধ্যাপক ডা. কানিজ হাসিনার নেতৃত্বে এক দল চিকিৎসক এ অস্ত্রোপচার সম্পন্ন করেন।
প্রায় ২ মাস আগে গত ২৪ জুন সকাল থেকে প্রায় চার ঘণ্টা চেষ্টা করে তাদের পৃথক করা হয়। অপারেশন পরবর্তী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রেখে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তারা সুস্থ রয়েছে।
আগামী দু-এক দিনের মধ্যে তাদের ছুটি দেওয়া হতে পারে।
নীলফামারী থেকে আসা রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দ্বিতীয় সন্তান জুহি ও রুহি। বাচ্চা দুটির মূলত শরীরের পেছনে মেরুরজ্জুর নিচের অংশ বিশেষ সংযুক্ত ছিল।
শিশু সার্জারি ছাড়াও অস্ত্রোপচার ছিলেন প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি, অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।
ডা. কানিজ হাসিনা জানিয়েছেন, এই অস্ত্রোপচার ছিল একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। প্রতিটি মুহূর্তে রুহি ও জুহির সুরক্ষা ছিল আমাদের প্রধান লক্ষ্য। তিনি এই সফল পরিসমাপ্তিতে আনন্দ প্রকাশ করার পাশাপাশি এর সঙ্গে জড়িত সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফের প্রতি কৃতজ্ঞতা জানান।
অপারেশনের পরবর্তী সময় ছিল খুবই গুরুত্বপূর্ণ।
এ কারণে রুহি-জুহিকে দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করতে হয়েছে। দীর্ঘ সময় থাকার ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসামগ্রী দিয়ে সহায়তা করেছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং উপ-পরিচালক ডা. আশরাফুল আলম।
হাসপাতাল পরিচালক বলেন, এই সাফল্য শুধু আমাদের হাসপাতালের নয়, এটি আমাদের সমাজের, আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির একটি প্রমাণ। একই সঙ্গে তিনি রুহি-জুহির জন্য সুস্থ, সুন্দর ও পরিপূর্ণ জীবনের আশাবাদ ব্যক্ত করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























