হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে।
জনসমক্ষে নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া এ শাস্তি ইরানে হিজাব আইন আরও কঠোরভাবে কার্যকরের সরকারি অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। খবর দ্যা গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে।
জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ শাস্তি দেওয়া হয়।
আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। সেসময় তার পরনে ছিল হাতাকাটা পোশাক। কনসার্টে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন।
অনুষ্ঠানটির ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে, যা ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি।
কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক।
তবে আইনটির প্রয়োগ সব সময় সমান কঠোর ছিল না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 














