বগুড়া সদর উপজেলার খাজাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি ও ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে ‘আবুল হোটেল’-এর কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করতোয়া নদীর পশ্চিম পাশের ওই এলাকায় এ অভিযান চালানো হয়।
তদারকিকালে উন্মুক্ত স্থানে খোলা টয়লেটের পাশে পোড়া তেলে খাবারটি ভাজতে দেখা যায়। পাশাপাশি উৎপাদনে নিষিদ্ধ হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. শাজাহানকে অর্থদণ্ড দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান।
এ সময় জব্দ করা ওই সব অবৈধ উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ছাড়া দ্রুত কারখানাটি স্থানান্তর করে সরকারি বিধি-বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কার্যক্রমে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 













