বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি মো. আব্দুস সালাম সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সালাম ওই গ্রামের মৃত মোজা সরকারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে নিজ শয়নকক্ষে গাঁজা মজুত রাখা হয়েছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে সালামের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















