বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. জিকরুল হক জিকু (৩২) ও সরকারি শেরপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এ এস এম সাকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জিকরুল হক জিকুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।
অন্যদিকে, এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত ও ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সরকারি শেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ এস এম সাকিলকে গ্রেপ্তার করা হয়। সাকিল শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের এই দুই সাবেক নেতাকে বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















