বগুড়ার শেরপুরে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে একটি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্তোরাঁটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে জ্বালানি হিসেবে রাখা শুকনা গোবরের স্তুপের পাশে পরোটার ময়দার খামির তৈরি এবং শৌচাগারের দরজায় বসে এঁটো পেøট পরিষ্কার করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রীকরণ, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার, বাসি-পচা মিষ্টি সংরক্ষণ এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পায় আদালত।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট রেঁস্তোরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 












