বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
রোববার (১ নভেম্বর) দুপুর দুইটায় মরহুমের নিজ গ্রামে শেরপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুম আব্দুল আজিজ পারভবানীপুর গ্রামের মৃত আলহাজ মোয়েজ উদ্দিনের ছেলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে সম্মুখযুদ্ধে অংশ নেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ সহযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাষ্ট্রীয় সালাম প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















