দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনার পর অবশেষে নিজস্ব জমিতে অস্থায়ী কার্যালয়ে স্থানান্তরিত হলো বগুড়ার শেরপুরের শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদ অফিস। বর্তমান চেয়ারম্যান মাও: আবুল কালাম আজাদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় কেনা ২৬ শতাংশ জমিতে নির্মিত নতুন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় চেয়ারম্যান মাও: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল ইসলাম ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা দবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কাওছার আলী প্রমুখ।
উল্লেখ্য ২০০৬ সালে শাহ-বন্দেগী ইউনিয়ন গেজেটভুক্ত হয়। এরপর ২০১১ সালে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে অফিস করে কার্যক্রম পরিচালিত হয়। পরে ২০২১ সালে হাওয়াখানা এলাকায় একটি অস্থায়ী কার্যালয় থেকে পরিষদের কার্যক্রম পরিচালনাকালীন সময়ে চেয়ারম্যান মাও: আবুল কালাম আজাদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের জন্য ২৬ শতাংশ জমি কেনা হয়।
ওই জমিতেই নির্মাণ করা হয়েছে নতুন অস্থায়ী কার্যালয়। স্থায়ী ভবন নির্মিত না হওয়া পর্যন্ত এ কার্যালয় থেকেই পরিষদের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে জানান ইউপি চেয়ারম্যান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























