স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সরকারের উদ্যোগে দেশের ৪ কোটি পরিবার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এই কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই। এই কার্ড পর্যায়ক্রমে সবাই পাবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।’
বন্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক ভারী বর্ষণে বন্যা হওয়ায় মানুষ অসহায় হয়ে পড়েছিলেন। বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ায় হঠাৎ এত বড় বন্যা হয়েছিল, যা মোকাবিলার অভিজ্ঞতা ওই এলাকার মানুষের ছিল না। জেলা প্রশাসন ও সরকার আপ্রাণ চেষ্টা করেছে মানুষের পাশে থাকার।
তিনি বলেন, ‘সেই চেষ্টার মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে আমি মন্ত্রী হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ইতিহাসে একটি নাম লিখতে যাচ্ছেন। তাঁর বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তিনিও জাতিসংঘে ভাষণ দেবেন। এমন ইতিহাস ইতোপূর্বে কেউ করতে পারেননি, বর্তমানে কেউ পারবেন না এবং ভবিষ্যতে কেউ পারবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























